রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ এএম

রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্য ও ২০ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শহরের শিল্পকলা মোড়ে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, পুলিশ বিনা কারণে এ হামলা করে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। তবে পুলিশের দাবি, বিএনপি নেতাকর্মীরা বিনা উসকানিতে মিছিলের পেছন থেকে পুলিশের ওপর হামলা করেছেন।

এর আগের দিন গত শুক্রবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করলে মাগুরা, গাইবান্ধা, নেত্রকোনা, বগুড়ায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্র্মীদের সংঘর্ষে বিএনপির ৫৯ নেতাকর্মী আহত হন।

জানা যায়, গতকাল দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের নেতা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে বিএনপির নেতাকর্মীরা একত্র হন। রাজবাড়ী শহর ছাড়াও বাকি চার উপজেলা থেকে দলটির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। এরপর বাদ্যযন্ত্রসহ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা দুপুর ১২টায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বের হয়। শোভাযাত্রাটি রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্বর থেকে ফিরে আসে। তবে শোভাযাত্রাটির শেষে থাকা নেতাকর্মীরা শিল্পকলা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে বিএনপির কর্মীরা। পুলিশও ফাঁকা গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আধা ঘণ্টার বেশি সময় ধরে দুই পক্ষের এই ধাওয়াপাল্টা চলে।

এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাস্তার দুপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচলও বন্ধ থাকে। পুলিশ বেশ কিছু বিএনপির কর্মীদের আটক করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, বিএনপির কর্মীরা দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়েছে কিন্তু প্রত্যেকের হাতে একটা করে লাঠি ছিল। তারা বিনা উসকানিতে মিছিলের পেছন থেকে পুলিশের ওপর হামলা করে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। তাদের হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু ফাঁকা গুলি করেছে।

কতজনকে আটক করা হয়েছে এমন প্রশ্নে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তবে সঠিক সংখ্যাটি পরে জানাতে পারব।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, পুলিশ বিনা কারণে এ হামলা করে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। পুলিশের হামলায় আমাদের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে আটকও করেছে। আমাদের শোভাযাত্রাটি ছিল শান্তিপূর্ণ। সেই শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ কোন উদ্দেশ্যে হামলা করল আমরা এখনো বুঝে উঠতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত