চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আনোয়ার চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা সদরের আনোয়ারা-বরকল সড়কের বনফুল ডেইরী ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার চৌধুরী উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মোজাহের চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে আনোয়ার একটি বিল্ডিংয়ের কাজে যেতে ওই এলাকায় গাড়ি থেকে নামেন। পরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মায়মুনা তাসনিম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
