নেইমারের সামনে পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ এএম

মিশন হেক্সার প্রাথমিক পর্ব আজ থেকে শুরু করছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ভোরে নামছে সেলেসাওরা। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরছেন নেইমার। মাঠে নামলেই তার সামনে সুযোগ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে যাওয়ার।

ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। সমান সংখ্যক গোল নিয়ে নেইমার তার সঙ্গে সর্বোচ্চ গোলের শীর্ষস্থান ভাগাভাগি করছেন। আজ বলিভিয়ার জালে নেইমার গোল করলেই ছাড়িয়ে যাবেন তিনি স্বদেশী কিংবদন্তীকে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ব্রাজিলের। আসরের অন্যতম ফেবারিট হয়েও সেলেসাওদের এভাবে ছিটকে যাওয়ায় কেঁদেছে সাবেক বর্তমান ফুটবলারসহ ব্রাজিলের কোটি সমর্থক। এবার সেই হারের কষ্ট থেকে শিক্ষা নিয়েই নতুন মিশন নিয়ে মাঠে নামতে চান ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র।

এই প্রসঙ্গে নেইমার বলেন, ‘বিশ্বকাপে হারাটা খুবই দুঃখজনক। গত বিশ্বকাপে আমরা যেভাবে হেরেছি, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। তবে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের দলে এখন অনেক তরুণ ফুটবলার এসেছে। তারা খুব ভালো করছে। এটা আমরাদের আরও শক্তিশালী হতে সাহায্য করবে। বিশ্বকাপের এখনও তিন বছর বাকি। তবে দেখতে দেখতেই সে সময় চলে আসবে। আমি মনে করি এখন থেকেই আমাদের প্রস্তুত হওয়া শুরু করতে হবে।’

ইনজুরির কারণে গত ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। সে কারণে নতুন করে সৌদি ক্লাব আল-হিলালে নাম লেখালেও তার মাঠে নামা হয়নি। আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরার সুযোগ তার সামনে। একইসঙ্গে বনে যেতে পারেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিকও। ৭৭ গোল করতে পেলে খেলেছেন ৯২ ম্যাচ। নেইমার এখন পর্যন্ত ১২৪ ম্যাচ খেলেছেন।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচে আছেন রোনালদো, রোমারিও ও জিকো। এরমধ্যে রোনালদো ৯৯ ম্যাচে ৬২, রোমারিও ৭১ ম্যাচে ৫৫ এবং জিকো ৭১ ম্যাচে ৪৮টি গোল করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত