মংডু দিয়ে খাদ্যপণ্য রপ্তানি নিষিদ্ধ করল মিয়ানমার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ এএম

মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের মংডু দিয়ে বাংলাদেশে বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। ইয়াঙ্গুনভিত্তিক সংবাদ সংস্থা মিয়ানমার নাউ গত শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের সোনালী ব্যাংক মিয়ানমারের দুটি বড় ব্যাংকের সম্পদ জব্দ করার সিদ্ধান্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সরকারের বাণিজ্য মন্ত্রণালয় গত ১ সেপ্টেম্বর চাল, মটরশুঁটি, চীনাবাদাম, পেঁয়াজসহ নিষিদ্ধ পণ্যগুলো শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের বাণিজ্যিক অঞ্চলের মধ্য দিয়ে পাঠাতে হবে বলে ঘোষণা দিয়েছে। এ আদেশ ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

জান্তা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের মহাপরিচালক মিন্ট থুরাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী ব্যাংক বিধিনিষেধ আরোপ করেছে, যার ফলে মানুষ ও পণ্য পাচার হতে পারে। এ কারণে চোরাচালান রোধ করতে সিত্তের মধ্য দিয়ে রপ্তানি করতে হবে। মিয়ানমার নাউয়ের প্রতিবেদনে বলা হয়, সম্পদ জব্দ করার সময় জান্তানিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান মিয়ানমা ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) এবং মিয়ানমা ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের (এমআইসিবি) একত্রে বাংলাদেশের সোনালী ব্যাংকে ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ ছিল। চলতি বছরের জুনে এই আর্থিক প্রতিষ্ঠান দুটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়লে ওই দুই প্রতিষ্ঠানের অর্থ আটকে দেয় সোনালী ব্যাংক।

প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারের পূর্ববর্তী সামরিক স্বৈরশাসনের অধীনে এমআইসিবি এবং সোনালী ব্যাংক প্রথম ১৯৯৫ সালে এই ধরনের লেনদেনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। আর তার ফলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ উদ্দীপিত হয়।

মিয়ানমার নাউ জানায়, বাংলাদেশের সোনালী ব্যাংকে মিয়ানমারের ব্যাংকের সম্পদ জব্দ করার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছিলেন দেশটির সেন্ট্রাল ব্যাংকের গভর্নর থান থান সোয়ে। গত ১৯ আগস্ট নেপিদোতে এক বৈঠকে গভর্নর জানান, যে তিনি চুপ থাকবেন না এবং বাংলাদেশি কর্মকর্তাদের মুখোমুখি হবেন।

এদিকে সিত্তের এলাকা দিয়ে পণ্য রপ্তানি করার সুযোগ থাকায় এই বিধিনিষেধের ফলে রাজ্যের অর্থনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রাখাইন রাজ্যের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি টিন অং ওও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত