দক্ষিণ আমেরিকার মধ্যভাগের দেশ বলিভিয়া পাহাড়-পর্বতে ঘেরা। পৃথিবীর ছাদ নামে খ্যাত আন্দেস পর্বতমালাও সেখানে। স্থানীয়দের জন্য সেখানে টিকে থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে। সমতলের বাসিন্দাদের জন্য সেখানে টিকে থাকা কষ্টসাধ্য। স্বাভাবিক চলাফেরা করাও কঠিন।
এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি জেনেও আর্জেন্টিনা ফুটবল দল গিয়েছে বলিভিয়ার শহর লা পাজে। বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত ২টায় দেশটির বিপক্ষে খেলতে নামবেন মেসিরা। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩ হাজার ৬৫০ মিটার। তাই প্রত্যেক ফুটবলার সেখানে গেছেন অক্সিজেন ক্যান সঙ্গে নিয়ে।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ আজ লা পাজে পৌঁছেছে আর্জেন্টিনা। উচ্চতার প্রভাবের কারণে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে তাদের। সেটাকে বাগে আনতে ফুটবলাররা অক্সিজেন ক্যান ব্যবহার করছেন। এতে বিশুদ্ধ শ্বাস নেওয়ার পরিমাণ ৯৫ শতাংশ।
প্রায় সব ফুটবলারের হাতেই এই ক্যান দেখা গেছে। ম্যাক অ্যালিস্টার মুখে ক্যান ধরে আছেন, এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। সমুদ্রপৃষ্ঠের বাতাসে ২১% অক্সিজেন থাকে। তবে এই ক্যানে তার চেয়ে তিন গুণ বেশি ক্ষমতা রয়েছে।
