দুই দিনের সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। মূলত ঢাকায় অনুষ্ঠেয় দুদেশের পঞ্চম কৌশলগত সংলাপে ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতেই তার এ সফর।
ব্রিটিশ পার্মানেন্ট আন্ডার সেক্রেটারির ঢাকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ হাইকমিশনের এক কর্মকর্তা। তিনি জানান, পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি বার্টন সকালে ঢাকায় এসেছেন।
ব্রিটিশ হাইকমিশন জানায়, এ সফরে ফিলিপের প্রধান লক্ষ্য হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করবেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে দুদেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার যে অঙ্গীকার, এই কৌশলগত সংলাপ তাই প্রতিফলিত করে। এ সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক, বাণিজ্যিক ও
উন্নয়নমূলক অংশীদারত্ব এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি এবারের সংলাপে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ-২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। যুক্তরাজ্য অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে।
সফরকালে পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক : সফররত যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। রাজধানীর বারিধারায় গতকাল বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সারাহ কুকের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টিমোথি ডকেট অংশ নেন।
বিএনপি ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ ঢাকায় হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। ওই বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়ে আলোচনা হবে। এর আগে বিএনপির সঙ্গে গতকাল এই বৈঠক হলো।
বৈঠকের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী কোনো মন্তব্য না করলেও শামা ওবায়েদ জানান, ব্রিটিশ একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন। আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। চলমান রাজনৈতিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
