ড. ইউনূস প্রসঙ্গে খোলা চিঠির প্রতিবাদ ৫০১ আইনজীবীর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ এএম

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে মামলার বিচার নিয়ে বিশ^নেতাদের খোলা চিঠির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সরকারপন্থি ৫০১ আইনজীবী। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হয়।

এ সময় জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। ইউসুফ হোসেন হুমায়ুনের পক্ষে বিবৃতিটি পড়ে শোনান সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

এতে বলা হয়, ‘সর্বোচ্চ আদালত কর্তৃক প্রদত্ত রায়ের আলোকে মামলার কার্যক্রম চলমান থাকার আদেশের পরেও বিদেশি সুশীল নাগরিক ড. ইউনূসের মামলার কার্যক্রম স্থগিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়ে অনুরোধ করে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন। ওই অনুরোধ দেশের বিচারব্যবস্থার প্রতি তাদের অসম্মান প্রদর্শন করার শামিল, যা কোনোভাবেই কাম্য নয়।’

বিবৃতিতে বলা হয়, ‘খোলা চিঠিতে স্বাক্ষরকারী বিদেশি নাগরিকরা ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে ড. ইউনূসের স্বার্থ রক্ষায় বিবৃতি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। ড. ইউনূসের বিচার নিয়ে বিভিন্ন দেশের নোবেল বিজয়ী, রাজনীতিবিদদের খোলা চিঠি দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি হিসেবে আমরা বিবেচনা করি। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে বাংলাদেশের বিচারব্যবস্থায় এ ধরনের অযাচিত হস্তক্ষেপে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

বিবৃতিতে বিশ^নেতাদের খোলা চিঠির এ বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য আইনজীবীরা হলেন সৈয়দ রেজাউর রহমান, এসএম মুনীর, ড. বশির আহমেদ, লায়েকুজ্জামান মোল্লা, আজহার উল্লাহ ভূঁইয়া, শেখ মোহাম্মদ মোরশেদ, মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, শাহ মঞ্জুরুল হক, সাঈদ আহমেদ রাজা, জেসমিন সুলতানা প্রমুখ।

বিএসএমএমইউর ৫৫৫ শিক্ষক-চিকিৎসকের বিবৃতি : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে চলমান মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া নোবেলজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের ১৬০ ব্যক্তির চিঠির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যসহ ৫৫৫ জন শিক্ষক ও চিকিৎসক। তারা ড. ইউনূসের পক্ষে ওই বিবৃতি প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন।

গত সোমবার বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ৫৫৫ জন চিকিৎসক স্বাক্ষর করেন।

বিবৃতিতে শিক্ষক ও চিকিৎসকদের পক্ষে উপাচার্য বলেন, বাংলাদেশের সংবিধানের ৯৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করে থাকে। ফলে অযাচিতভাবে বিচারাধীন মামলার বিষয়ে এ ধরনের বিবৃতি বা চিঠি স্বাধীন বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ; যা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে হুমকিস্বরূপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত