গাজীপুরের শ্রীপুরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বেড়াতে বের হয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিন সহোদর। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক জনের।
গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেলিহাটি ইউনিয়নের সাতখামাইর ছাতিরবাজার আঞ্চলিক সড়কের শিশুপল্লী প্লাস মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পশু খাদ্য পরিবহনকারী কন্টেইনারের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় চালক ও কন্টেইনারটি আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিশুর নাম তামিম আহম্মেদ (১১)। দুর্ঘটনার কবলে পড়া তার সঙ্গের অপর দুই সহোদর তানভীর আহম্মেদ (১৫) ও হাবিব উল্লাহ (৪) গুরুতর আহত হয়। তারা দুজনই পাশের সাঁইটেলিয়া গ্রামের জসিম উদ্দীনের সন্তান। শখ করে বাড়িতে রাখা বাবার সিএনজি নিয়ে বের হয়ে এ দুর্ঘটনায় পড়ে তারা।
নিহতের স্বজনরা জানান, বিকেলে (সন্ধ্যার আগে) বাড়িতে রেখে যাওয়া বাবার গ্যাসচালিত সিএনজি নিয়ে বের হয় তানভীর আহম্মেদ। এ সময় ছোট দুই ভাইকে নিয়ে ঘুরবে বলে তাদেরও তুলে নেয় সিএনজিতে। সিএনজিটি শিশু পল্লী মোড়ে এলে চৌরাস্তায় বরমীর দিক থেকে ছেড়ে আসা নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির খাবারবহনকারী (পশু খাদ্য) কন্টেইনারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সিএনজিটি উল্টে একেবারে দুমড়ে মুচড়ে যায়। সিএনজির ভেতরে বসা ছোট দুই ভাইয়ের মধ্যে তামিম মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় । এদিকে অপর দুই ভাই গুরুতর আহত হলে পথচারিরা উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার এসআই সুজন কুমার পণ্ডিত জানান, পরিবারের মানবিক আবেদনের প্রেক্ষিতে শিশুর মরদেহ পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালক আটক আছেন। কন্টেইনারটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
