৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীর সড়কে প্রাণ গেল ৬ জনের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ এএম

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে চার ঘণ্টার মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। এর মধ্যে গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজালের শিমুতলী এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে সিএনজির তিন যাত্রী নিহত হয়। আর আহত হয় আরও তিনজন। পরে রাত ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

এদিকে গত শুক্রবার রাত ও শনিবার সকালে পাবনা, চট্টগ্রাম ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও তিনজন।

গতকাল আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, রায়পুরায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)। আর শিবপুরে নিহতরা হলেন মাইক্রোবাসের চালক নারায়ণগঞ্জের বন্দর থানার সাবদীবাজার এলাকার সুভাষ চন্দ্রের ছেলে সাগর চন্দ্র (৩২। যাত্রী চাঁদপুরের মতলব থানার মুন্সীরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এফাজুল হক (৫০) ও তার ছেলে মোস্তাকিম (১৮)।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে রায়পুরার মরজাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই এক নারীসহ সিএনজিতে থাকা তিন যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ভৈবর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে মাইক্রোবাসে করে দুটি পরিবার সিলেটে মাজার জিয়ারতে গিয়েছিল। জিযারত শেষে তারা শুক্রবার রাতে নারায়ণগঞ্জ ফিরছিল। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শ্রীফুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় প্রাণ গেছে হাওয়ানুর (৭) নামের এক শিশুর। গতকাল শনিবার দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের রাজারহাট- নাজিম খান সড়কের মিলেরপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি চাকিরপশা ইউনিয়নের মিলেরপাড় এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশুটি তার দাদুর সঙ্গে বাড়ির পাশের মিলেরপাড় বাজারে যায়। বাজারে দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হতে গিয়ে রাজারহাটগামী একটি অটোরিকশার চাপায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পাবনার ঈশ্বরদী প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলচালক সজীব হোসেন তালুকদার ঈশ্বরদীর মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশের এএসআই বেলাল হোসেন জানান, পাবনা সুগার মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। ট্রাকচালকরা সেখানে গাড়ি থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সেই থামানো গাড়িতেই সজীব পেছন থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রামের চন্দনাইশ প্রতিনিধি জানান, উপজেলার পাক্কা দোকান এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আবদুল লতিফ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাক্কা দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আবদুল লতিফ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নগরপাড়া এলাকার সেলিম মেম্বারের বাড়ির মৃত আলী বকসুর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত