চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন বাজেটের অগ্রগতি ৩ দশমিক ৮৪ শতাংশ। জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১০ হাজার ৫৪১ কোটি টাকা খরচ করতে পেরেছে মন্ত্রণালয়গুলো। তবে ছয় মন্ত্রণালয় ও বিভাগ এ দুই মাসে এক টাকাও খরচ করতে পারেনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে রয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ। ডেঙ্গুর মতো ভয়াবহ এ সংকটের সময় বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো প্রকল্পেই এক টাকাও খরচ করতে পারেনি তারা। গতকাল মঙ্গলবার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের ১৭টি প্রকল্পের বিপরীতে এডিপি বরাদ্দ ২ হাজার ৭৫৪ কোটি টাকা। খরচের হালখাতাই খুলতে পারেনি তারা। কয়েক মাসে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতেও চলমান প্রকল্পগুলোতে এক টাকাও খরচ করতে পারেনি তারা।
একক মাস হিসেবে আগস্টে ব্যয় হয়েছে ৭ হাজার ৫২ কোটি টাকা। মাস হিসেবে এই বাস্তবায়নের হার ২ দশমিক ৫৭ শতাংশ। অবশ্য আগের বছরের একই সময়ে এ বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৮৯ শতাংশ।
এ বছর ১ হাজার ৩৯২টি প্রকল্পের জন্য বার্ষিক উন্নয়ন বাজেটের (এডিপি) বরাদ্দ ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ৬৯ হাজার কোটি, বিদেশি অর্থায়ন ৯৪ হাজার কোটি টাকা। বাকি ১১ হাজার ৬৭৪ কোটি টাকা সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ এ দুই মাসে এক টাকাও খরচ করেনি। এর মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের ২৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ১২ হাজার ৬৬৮ কোটি টাকা। এ মন্ত্রণালয় কোনো টাকাই খরচ করেনি দুই মাসে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের ৯৬টি প্রকল্পের বিপরীতে এডিপি বরাদ্দ ৭ হাজার ৫৮৫ কোটি টাকা। কিন্তু দুই মাস অতিক্রম হলেও এ মন্ত্রণালয় এক টাকাও খরচ করতে পারেনি।
জনপ্রশাসনের ১৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৯৭২ কোটি টাকা। তবে খরচ করেছে নামকাওয়াস্তে, দশমিক শূন্য ১ শতাংশ। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১৬ প্রকল্পের জন্য বরাদ্দ ৭৪৮ কোটি টাকা, খরচের খাতা এখনো শূন্য। গত অর্থবছর এক টাকাও খরচ করতে না পারা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো খরচের খাতাই খুলতে পারেনি। শূন্যের তালিকায় এবারও রয়েছে তারা। আরেক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের ৫ প্রকল্পের জন্য বরাদ্দ ১৬৩ কোটি টাকা, হালখাতা খুলতে পারেনি তারাও।
সদ্য শেষ হওয়া আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ৮ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট কমে গিয়েছিল। সে অবস্থা থেকে কিছুটা উন্নতি হচ্ছে এই অর্থবছর। গত অর্থবছরে সরকারের এডিপি বাস্তবায়নের হার ছিল ৮৪ দশমিক ১৬ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৯২ দশমিক ৭৪ শতাংশ।
