সার্বিক স্বাস্থ্য উন্নয়নে সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) তেদ্রোস আধানম গেব্রিয়াসিস স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিতে সরকারের নেওয়া পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর বাসস

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাত্যহিক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।’

মোমেন বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছে।

তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। সুতরাং এতে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন, বাংলাদেশ অন্য দেশগুলোর সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায়।

কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী : এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক : ইনোভেটিভ অ্যাপ্রোচ অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কভারেজ ইনক্লুসিভ অব মেন্টাল হেলথ অ্যান্ড ডিজঅ্যাবিলিটি’ শীর্ষক উচ্চ-স্তরের সাইড-ইভেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া বক্তব্যে সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশগুলোর চলমান প্রচেষ্টাকে সহায়তার জন্য উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বহুপাক্ষিক অর্থায়ন সংস্থাগুলোসহ আমাদের উন্নয়ন অংশীদারদের প্রতি উন্নয়নশীল বিশ্বে কমিউনিটি-ক্লিনিক স্বাস্থ্যসেবায় তাদের সহায়তার হাত প্রসারিত করার আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন ও সার্বজনীন স্বাস্থ্যের বিষয়ে আমাদের সম্মিলিত কাজকে ত্বরান্বিত করার জন্য এ বছর শপথ নেওয়ার সময় আমরা আপনাদের উপস্থিতিতে উৎসাহিত বোধ করছি।’ শেখ হাসিনা আরও বলেন, গ্লোবাল সাউথের উদীয়মান কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ অর্থপূর্ণ আন্তর্জাতিক অংশীদারত্বের সম্ভাব্য উপায়ে ইস্যুটিতে চ্যাম্পিয়ন হবে। তিনি বলেন, ২০১৮ সালে তাদের পার্লামেন্ট কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট অ্যাক্ট পাস করেছে। যাতে এর কার্যক্রম ও ফান্ডিং পদ্ধতি আরও সহজতর করা যায়।

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত