জমির নামজারির জন্য ঘুষের দর নির্ধারণ করে দেওয়ার অভিযোগ ওঠা পিরোজপুরের নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড মো. মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল। অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি অভিযোগ ওঠে, পিরোজপুরের নাজিরপুরে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকার জায়গায় ছয় হাজার টাকা ঘুষ নেবেন বলে নির্ধারণ করে দিয়েছেন এসি ল্যান্ড মাসুদুর রহমান। গত জুলাই মাসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে ওই ঘুষ নেওয়ার কথা বলা হয়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনা হয়।
মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, ‘মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন-সংক্রান্ত নির্দেশনা প্রদানের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসকের করা তিন সদস্যের তদন্ত কমিটি অডিও ক্লিপের কথোপকথনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’
এসি ল্যান্ড মাসুদুর রহমানের আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার। প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
মাসুদুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পিরোজপুর জেলা প্রশাসন। পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় ও সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) রিয়ায মাহমুদ।
