অর্থবছরের প্রথম দুই মাস

ভ্যাটে ভর করে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৫%

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ এএম

অর্থনীতিতে নানা সংকট থাকলেও রাজস্ব আদায়ে অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুমাসে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে ১৪ দশমিক ৭৪ শতাংশ। মূলত স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আয়কর আদায় বৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুমাস, অর্থাৎ জুলাই ও আগস্টে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সরকারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি। অবশ্য প্রবৃদ্ধি হলেও আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪ হাজার ৮৭ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, বাজেটে বেশকিছু খাতের অব্যাহতি সুবিধা কমিয়ে আনার পাশাপাশি সিগারেট, বেভারেজ, জমি নিবন্ধনসহ কিছু খাতে ট্যাক্স ও ভ্যাট বাড়ানোর ফলে রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। একই সঙ্গে, ফাঁকি বন্ধে তদারকি বাড়ানো এবং কিছু আমদানি পণ্যে নতুন করে ভ্যালুয়েশনের মাধ্যমে কাস্টমস ডিউটি আদায় বাড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, আগের বছরের তুলনায় চলতি অর্থবছর বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে, অর্থবছরের প্রথম দুই মাসে ওই খাতগুলো থেকে আরও বেশি ভ্যাট আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুমাসে ভ্যাট আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় প্রায় ২০ শতাংশ। আর ইনকাম ট্যাক্স আদায় বেড়েছে ১৬ শতাংশের বেশি।

গত ২০২২-২৩ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছরে এনবিআরের আদায়ের লক্ষ ঠিক করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।  সেই বিবেচনায় চলতি বছর গড়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি প্রয়োজন ৩০ শতাংশের মতো। এনবিআর হিসাব অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে গড়ে প্রতি বছর রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশের কাছাকাছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত