ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশনে হামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ এএম

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে পাথর হামলা চালিয়েছেন যাত্রীরা। ট্রেন ছাড়তে দেরি হওয়ার ক্ষোভে দুই শতাধিক যাত্রী গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘেরাও করে স্টেশন মাস্টারের কক্ষসহ স্টেশনের বিভিন্ন কক্ষে পাথর নিক্ষেপ করে ভাঙচুর করেন। এ সময় স্টেশন মাস্টারকে লাঞ্ছনার চেষ্টাও করা হয়। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

ট্রেনের যাত্রী, স্টেশন মাস্টার ও রেলস্টেশনের বিভিন্ন সূত্রের ভাষ্যমতে, ঢাকার কমলাপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত চলে ‘আন্তঃনগর টাঙ্গাইল কমিউটার ট্রেন।’ ঢাকা, টাঙ্গাইল ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লোকজন সবচেয়ে বেশি এ ট্রেনে চলাচল করে। প্রতিদিন কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা ৬টায় এ ট্রেনটি ছেড়ে আসার কথা থাকলেও ট্রেনটি ছাড়ে প্রায় ৭টায়। প্রতিদিনই ক্রসিংয়ের নামে কোনো না কোনো স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় এ ট্রেনকে।

যাত্রীদের অভিযোগ, এ ট্রেনকে অবহেলার চোখে দেখেন স্টেশন মাস্টাররাও। ৬টায় ছাড়লে ট্রেনটি ৮টায় টাঙ্গাইল পৌঁছানোর কথা থাকলেও আরও তিন ঘণ্টা বিলম্বে পৌঁছায় এ ট্রেন। বেশি টাকা ভাড়া দিয়ে এ আন্তঃনগর ট্রেনে চড়লেও কম টাকা ভাড়া দিয়ে আগে গন্তব্যে চলে যায় অন্য লোকাল ট্রেনগুলো।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় কমলাপুর থেকে এ ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা বসিয়ে রেখে ট্রেন ছাড়ে ৭টার দিকে। এরপর গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে ক্রসিংয়ের নামে দীর্ঘ সময় যাত্রা বিরতি দেওয়া হয়। রাত ৯টার দিকে ওই ট্রেনটি কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে পৌঁছে। সেখানেও এটাকে বসিয়ে রেখে একের পর এক দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন অতিক্রম করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই ট্রেনের দুই শতাধিক যাত্রী। রাত সাড়ে ৯টার দিকে ট্রেনযাত্রীরা স্টেশন ঘেরাও করেন। এ সময় অনেকেই ওই রেলস্টেশন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।

পরে উত্তেজিত যাত্রীরা স্টেশন মাস্টার কামরুল হাসানের অফিস কক্ষে ঢুকে কম্পিউটার ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় তারা হামলা চালিয়ে ভাঙচুর করেন ওই স্টেশনের দরজা-জানালা। একপর্যায়ে স্টেশন মাস্টার কামরুল হাসানকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করার চেষ্টাও করে যাত্রীরা। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত যাত্রীদের বুঝিয়ে শান্ত করে। এরপর রাত প্রায় ১০টার দিকে ওই ট্রেনটি বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশ ছেড়ে চলে যায়।

বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশন মাস্টার কামরুল হাসান জানান, সিগন্যাল না পেলে ট্রেন ছাড়া যায় না। ছাড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। যাত্রীদের হামলার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত