ঘুষ গ্রহণের বিষয়ে তদন্ত শুরুর পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ অস্থায়ীভাবে পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কৌঁসুলিদের অভিযোগ, মেনেনডেজ ও তার স্ত্রী নাডিনে আর্সলানিয়ান মিসর সরকারের সহায়তা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক হাজার ডলারের ঘুষ নিয়েছিলেন। যদিও এই দম্পতি অভিযোগ অস্বীকার করেছেন।
বব মেনেনডেজের বয়স ৬৯ বছর। বর্ষীয়ান এই রাজনীতিক নিউ জার্সির সিনেটর। নিজ অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতাদের মধ্য থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে। গতকাল শনিবার গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফেডারেল কর্র্তৃপক্ষ গত শুক্রবার মেনেনডেজ ও তার স্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, মিসর সরকারের সহায়তা পাইয়ে দেওয়ার বিনিময়ে এই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা ও তার স্ত্রী তিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ হিসেবে সোনার বার, নগদ অর্থ, বিলাসবহুল মার্সিডিজ গাড়িসহ উপহার সামগ্রী নিয়েছেন।
এ অভিযোগের তদন্ত শুরু হওয়ায় শনিবার সিনেটের প্রভাবশালী বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা দেন মেনেনডেজ। তবে সিনেট কমিটির প্রধানের পদ ছাড়লেও তিনি সিনেটর পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এর আগে ২০১৫ সালেও সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি থেকে পদত্যাগ করতে হয়েছিল মেনেনডেজকে। ওই সময় ফ্লোরিডার এক চক্ষু চিকিৎসকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও ওই ঘটনায় বিচারকরা সর্বসম্মত রায় দিতে পারেননি।
