দেশে গত প্রায় চার মাস ধরেই ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। এমন অবস্থায় গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ১৪ জনকে নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৯০০-এর ঘরে এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাইরে আটজন ও ঢাকায় ছয়জন রয়েছে। এ বছর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ মাসে মৃত্যু এ বছরের অন্য মাসের চেয়ে আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৩ দিনে মারা গেছে ৩০০ রোগী, যা মোট মৃত্যুর ৩৪ শতাংশ। এ সময় গড়ে দৈনিক মৃত্যু হয়েছে ১৩ জন করে। এর আগের মাসে আগস্টে মারা গেছে ৩৪২ জন। সে মাসে দৈনিক গড় মৃত্যু ছিল ১১ জন। তার আগের মাসে জুলাইয়ে মারা গেছে ২০৪ জন ও দৈনিক গড় মৃত্যু ছিল ছয়জন। তার আগের মাসে জুনে মারা গেছে ৩৪ জন ও দৈনিক গড় মৃত্যু ছিল একজন করে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২ হাজার ৫১ জন, যা একদিনে মোট ভর্তি রোগীর ৭২ শতাংশ। বাকি ২৮ শতাংশ বা ৮১৪ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরে। অর্থাৎ এ সময় ঢাকার চেয়ে ঢাকার বাইরে ১ হাজার ২৩৭ রোগী বেশি ভর্তি হয়েছে।
এ নিয়ে এই বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জনে। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৬১৪ ও ঢাকায় ৭৮ হাজার ১০৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০ হাজার ৫৭২ রোগী। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছে ৬ হাজার ৭৭৮ ও ঢাকায় ৩ হাজার ৭৯৪ জন। সে হিসেবে ঢাকার বাইরে ঢাকার চেয়ে দ্বিগুণ বেশি রোগী ভর্তি রয়েছে।
