নাটোরের লালপুরে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন দগ্ধসহ দুজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন ওই গ্রামের মৃত সাধুর স্ত্রী শাহানাজ বেগম (৪০) ও তার মেয়ে মায়েশা খাতুন (৮)। এ ছাড়া দগ্ধ হয়েছেন নিহত শাহানাজের মা ইয়াতুল বেগম (৭০) এবং উদ্ধার কাজে আহত হয়েছেন সজল (২২) নামের এক তরুণ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী শাহানাজ বেগম তার মা ও মেয়েকে নিয়ে একটি ঘরে থাকতেন। অসাবধানতাবশত কুপির আগুন থেকে ঘরের পাটখড়ির বেড়ায় আগুন লেগে যায়। এতে শাহনাজসহ তার মা ও মেয়ে আটকা পড়েন। স্থানীয়রা গিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শাহনাজের লাশ উদ্ধার করেন এবং মায়েশা ও ইয়াতুল বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে মাইশা মারা যায়। উদ্ধার কাজে অংশ নিয়ে সজল নামে এক যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
