গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর কঞ্চিপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারের নানা উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন, প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
তিনি বলেন, প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সময়েই ফুলছড়ি-সাঘাটা উপজেলার রাস্তা ঘাট থেকে শুরু করে সর্বস্তরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখনো সাঘাটা- ফুলছড়ি উপজেলার মানুষের অন্তরে আমার বাবা স্বরণীয় হয়ে আছেন।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন। এ সময় সহস্রাধিক মানুষের সামনে নৌকায় ভোট চান ফাররজানা রাব্বী বুবলী।
এর আগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান সুজাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে ওই এলাকার আব্দুল খালেক মেম্বারের বাড়িতে গণভোজ অনুষ্ঠিত হয়।
