সন্তানকে বুকের দুধ পান করাতে এসে লাশ শিক্ষিকা

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম

জামালপুর বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তার (৩৬) প্রাণহানি হয়েছে। নিহত রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী। তিনি চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

রবিবার (১ অক্টোবর) দুপুর বকশীগঞ্জ—দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অনিয়ন্ত্রিত অটোরিকশার ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় থেকে শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা তার চার মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য দুপুরে অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছে এসে অটোরিকশা থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন।

পরে স্থানীয়রা ওই শিক্ষিকাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা জানিয়েছেন আমরা শোকাহত, এটি খুবই দুঃখজনক ঘটনা।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চালক পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত