পিতৃত্বকালীন ছুটি চালু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ এএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটিও চালু করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় পিতৃত্বকালীন ছুটির বিধান অনুমোদন দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, একজন শিক্ষক ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো সরকারি কোনো প্রতিষ্ঠান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

জানা গেছে, সিন্ডিকেট সভায় পিতৃত্বকালীন ছুটির অনুমোদন দেওয়ার পর এ নিয়ম ইতিমধ্যে কার্যকর হয়েছে। চলতি অক্টোবর থেকে যদি কোনো শিক্ষক সন্তানের বাবা হন, তাহলে নিয়ম অনুযায়ী তিনি ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। সর্বোচ্চ দুই সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে। শিক্ষা ছুটিতে থাকাকালে যেসব সুবিধা পাওয়া যায়, পিতৃত্বকালীন ছুটিতেও সেসব সুবিধা পাওয়া যাবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ্ আজমের সভাপতিত্বে ২৪তম সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফিরোজ আহমদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও রেজিস্ট্রার মো. সোহরাব আলী।

পিতৃত্বকালীন ছুটির বিধান চালুর বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম বলেন, ‘একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ, বাবার ভূমিকাও তেমন গুরুত্বপূর্ণ। পিতৃত্বকালীন ছুটির বিধানটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কাজে আরও বেশি মনোযোগী হবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত