মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফেরদাউস (১৪) নামে আহত এক মাদক কারবারি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান। ফেরদাউস শরীফপুরের লালারচক গ্রামের বাসিন্দা।
ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ‘গত পহেলা অক্টোবর সন্ধ্যায় মাদক কারবারি ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা টের পেয়ে গুলি চালালে ফেরদাউস আহত হয়। পরে তার পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতে সে মারা যায়।’
ফেরদাউসের বড়ভাই ওয়াস কুরুনির দাবি, ‘তার ছোটভাই ওইদিন সন্ধ্যায় নিজেদের গৃহপালিত গরু আনতে সেখানে যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালায়।’
এ ব্যাপারে জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ‘মাদক কারবারি ফেরদাউসের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
