বিশ্বকাপ অভিষেকে রেকর্ড গড়া সেঞ্চুরি রাচিনের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫১ পিএম

প্রথম ম্যাচেই বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি উদযাপনের সাক্ষী হলো বিশ্ববাসী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে নেমে প্রথমে সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। এরপর সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র।

ওয়ানডে বিশ্বকাপে কনওয়ে ও রাচিন দুজনেরই এটি অভিষেক ম্যাচ। তাই বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরি পাওয়া ১৫তম ও ১৬তম ব্যাটসম্যান হলেন কনওয়ে ও রবিন্দ্র। রবিন্দ্র সেঞ্চুরি পূরণ করেন ৮২ বলে। তাতে বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ানও তিনি। রাচিনের ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি। এর আগে ১২ ওয়ানডে খেলা রাচিনের সেরা ছিল ৬১ রান।

এর আগে ওয়ানডেতে সাত কিংবা ছয়ে ব্যাট করেছেন রাচিন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রাচিন নেমেছিলেন ওপেনিংয়ে। আজ খেলেন তিন নম্বরে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একই দলের জোড়া সেঞ্চুরির ঘটনা এর আগে সবশেষ ঘটেছিল ২০১১ সালে। সেবার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বিরেন্দ্র শেবাগ ও বিরাট কোহলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত