মেঘনায় ট্রলারডুবি

আরও দুই লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০১:৩৪ পিএম

মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় সাব্বির হোসেন (৩৫) ও সাবিহা (০৭) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাব্বির হোসেন রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা ও সাবিহা গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদী গ্রামের বোরহান উদ্দিন বেপারীর মেয়ে। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তিন শিশু।

আজ রবিবার সকাল সাড়ে ৭টা থেকে ১১টা পর্যন্ত উদ্ধার অভিযানে চাঁদপুর জেলার মোহনপুর ও দশআনি সংলগ্ন মেঘনা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল।

এখনো নিখোঁজ গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের মফিজ বেপারীর মেয়ে জান্নাতুল মাওয়া (০৬), জান্নাতুল ফেরদৌস সাফাহ (০৩) ও সাব্বির হোসেনের ছেলে ইমাদ হোসেন (২)।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে পরিবার ও স্বজনদের নিয়ে ট্রলার ভাড়া করে ঘুরতে বের হয়েছিলেন উত্তর ফুলদি গ্রামের মফিজ বেপারী। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ গ্রামসংলগ্ন মেঘনার নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। আশপাশের লোকজনের সহায়তায় ট্রলার থেকে ছয়জনকে উদ্ধার করা হলেও ছয়জন নিখোঁজ ছিলেন। যাদের মধ্য থেকে ইতিমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গজারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ উদ্দিন জানান, ট্রলারডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো আজ সকাল ৭টা থেকেই সমন্বিত উদ্ধার অভিযানে নদীর তলদেশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় এখনো তিনজন শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত