সড়কের পাশ থেকে ব্যবসায়ীর ও চরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:১৭ পিএম

ফরিদপুরের পৃথক দুটি স্থান থেকে এক ব্যবসায়ী ও অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে দুটি লাশই অজ্ঞাতনামা হিসাবে মর্গে পাঠানো হলেও পরে একজনের পরিচয় জানা যায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া এলাকায় পড়ে ছিল এক ব্যক্তির লাশ। খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তি হিসেবে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরে মর্গে গিয়ে ওই ব্যক্তির স্ত্রী তাসলিমা বেগম মৃতদেহটি তাঁর স্বামী আবুল খায়েরের (৫৫) বলে শনাক্ত করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, আবুল খায়ের গত ৬ অক্টোবর সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়ি ফিরে যাননি।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার বিশ্বাস জানান, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মহা সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় কোন যানবাহনের ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মারা গেছেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। রবিবার দুপুরে পুলিশ কবিরপুর চরে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোফাজ্জেল হোসেন জানান, স্থানীয় ইউপি মেম্বারের কাছ থেকে লাশের খবর পেয়ে তিনি কোতয়ালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, পৃথক দুটি স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত