অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। শ্রমবাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
গতকাল সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় পর স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেল কমিটি বলছে, শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণ সম্পর্কে প্রথমবারের মতো বিস্তৃত গবেষণা করেছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ক্লডিয়া গোল্ডিন। তার গবেষণা এ ক্ষেত্রে নারীর অবস্থানের পরিবর্তন এবং সেই সঙ্গে লিঙ্গ বৈষম্যের প্রধান কারণগুলো উন্মোচন করে।
বৈশ্বিক শ্রমবাজারে এখন পর্যন্ত নারীদের অবদানের তথ্য সেভাবে উঠে আসে না। পুরুষদের চেয়ে কর্মক্ষেত্রে মজুরিও কম পান তারা। ৭৭ বছর বয়সী গোল্ডিন এ বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করে গবেষণা করেছেন; দেখিয়েছেন লিঙ্গ পার্থক্য কীভাবে আয় ও কাজের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। এর কারণও তুলে ধরেছেন তিনি।
অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। নারী হিসেবে গোল্ডিনের আগে যুক্তরাষ্ট্রের এলিনর অসট্রম ২০০৯ সালে এবং ফ্রান্সের এস্তের দুফ্লো ২০১৯ অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন।
এ বছর গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দুদিন বিরতি দিয়ে আজ ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
