নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতে বরিশালে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম

বাংলাদেশস্থ নরওয়ে দূতাবাসের সহায়তায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)'র "পার্টনারশিপস ফর এ মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি)" প্রকল্প যৌথভাবে আয়োজন করে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ (ডিকেসি) ২০২৩ এর বরিশাল পর্ব।

নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতের মাধ্যমে স্মার্ট এবং ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে ৩ থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এই সোশ্যাল হ্যাকাথন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মো: আবু সাঈদ বলেন, আমরা সবাই জানি ২০১২ সালে দেশে ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয়। এতে আমরা সফল। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের নতুন একটি যাত্রা আমরা আরম্ভ করেছি। এই মহাযজ্ঞে সবার জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সাথে ইউএনডিপি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে।

নিরাপদ সাইবার স্পেস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিশ্চিতে হ্যাকাথনে ১২০ এর অধিক চমৎকার আইডিয়ার মধ্যে আটটি (৮) টিম ২ দিন ধরে বিভিন্ন আইডিয়া ল্যাব সেশনে অংশগ্রহণ করে বিজয়ী হয় "ই-পিস পাইওনিয়ার্স" এবং "হারমনি ইউনাইটস"। পুরস্কার হিসেবে প্রতিটি বিজয়ী দলকে তাদের আইডিয়া বাস্তবায়নের জন্য পঞ্চাশ টাকার সিড ফান্ড প্রদান করা হয়।

আমরা একসময় উন্নত দেশগুলোতে অদক্ষ মানব শক্তি প্রেরণ করতাম। কিন্তু সময় এখন পরিবর্তন হয়েছে। আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য রপ্তানি করে তাদের এখন ডিজিটাল সার্ভিস দিচ্ছি বলে উল্লেখ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফ হোসেন।

ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশনস মো. আবদুল কাইয়ুম বলেন, আটটি টিমের আইডিয়াই চমৎকার। আমি বিশ্বাস করি সবাই একসঙ্গে কাজ করলে সহজেই বরিশাল অঞ্চল তথা সারাদেশে নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করতে পারব। এই যাত্রায় তরুণদের সহায়তা য় ইউএনডিপি বাংলাদেশ সবসময় পাশে থাকে।

ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ ইউএনডিপির এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিরাপদ সাইবার স্পেস, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ধর্মীয় সম্প্রীতি নিশ্চিতে উদ্ভুত সামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

সমাপনীতে অন্যান্যদের মধ্যে পিটিআইবি প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত