মালেতে আজ জামালদের অগ্নিপরীক্ষা

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:০২ পিএম

হোম

দুটি উদাহরণই আছে সামনে। ২০১৬ সালের অক্টোবরে ভুটানের কাছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দুই লেগের প্লে-অফে হেরে প্রায় দেড় বছরের আন্তর্জাতিক নির্বাসনে যেতে হয়েছিল বাংলাদেশকে। পরের বার ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে লাওসকে হারিয়ে গ্রুপপর্বে নাম লিখায় লাল-সবুজরা। এই মঞ্চে এবার বাংলাদেশের সামনে মালদ্বীপ। চেনা তবে ভয়ংকর প্রতিপক্ষকে আজ তাদের মাঠে মোকাবিলা করতে হবে হাভিয়ের কাবরেরার দলকে। আর ১৭ অক্টোবর কিংস অ্যারেনায় হবে ফিরতি ম্যাচ। এই দুই ম্যাচের সমীকরণ নিজেদের পক্ষে টানতে না পারলে ফের নেমে আসবে ‘নির্বাসন’।

মালেতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে খেলা যে কোনো দলের জন্যই ভীষণ কঠিন। বাংলাদেশের জন্য তো আরও বড় চ্যালেঞ্জ। কারণ এই মাঠে স্বাগতিকদের কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। চারবার মালদ্বীপের মুখোমুখি হয়ে প্রথমবার ১-১ ড্র করলেও পরের তিন ম্যাচে অসহায় আত্মসমর্পণ করতে হয় বাংলাদেশকে। ২০০০ সালে ড্রয়ের ১৬ বছর পর প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশকে ফিরতে হয় ৫-০ ব্যবধানে হেরে। এরপর ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে এই মাঠে বাংলাদেশকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। গত বছর হাভিয়ের কাবরেরার বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক ম্যাচেও মালদ্বীপের জয় ২-০ ব্যবধানে। তো, সেই মাঠে জয়ের বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। সেই সাহসটা অবশ্য তারা কুড়িয়ে নিয়েছে গেল জুনে সাফ চ্যাম্পিয়নশিপের অসাধারণ জয় থেকে। মালদ্বীপের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও বাংলাদেশ ম্যাচটা জিতেছিল ৩-১ ব্যবধানে। তাছাড়া ২০২১ সাফের পরপরই শ্রীলঙ্কায় চারজাতি আসরে মালদ্বীপকে ২-১-এ হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের।

যদিও মালেতে পা রাখার আগেই বাংলাদেশ শিবিরে হানা দিয়েছিল সুনামি। মদ কা-ে গুরুত্বপূর্ণ চার খেলোয়াড়কে বাদ দিয়ে স্কোয়াড গড়তে হয়েছে হাভিয়ের কাবরেরাকে। গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মণ ও রিমন হোসেন এবং ফরোয়ার্ড শেখ মোরসালিন নিজেদের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে কিছুদিন আগেই এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার পথে ৬৪ বোতল অবৈধ মদ নিয়ে ঢাকায় বিমানবন্দরে কাস্টমসের কাছে ধরা পড়েন। সেই ঘটনায় ক্লাব তাদের সাময়িক বরখাস্ত করেছে। বাফুফেও ক্লাবকে অনুসরণ করে বাদ দিয়েছে গুরুত্বপূর্ণ এই ম্যাচের দল থেকে। এদের মধ্যে মোরসালিন সাফে মালদ্বীপের বিপক্ষে গোল করার পাশাপাশি রাকিব হোসেনকে দিয়ে করিয়েছিলেন সমতাসূচক গোল। তাছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচে তে-কাঠির নিচে জিকোর না থাকাটাও দুর্ভাবনার। অভিজ্ঞ তপু না থাকাটা ভোগাবে রক্ষণভাগকেও। তবে কাবরেরা এই ধাক্কা সামলে ভালো ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছেন। মালে আন্তর্জাতিক স্টেডয়ামে কাল অফিশিয়াল ট্রেনিং সেশনের কয়েক ঘণ্টা আগে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে সে কথার পুনরাবৃত্তি করেছেন স্প্যানিশ কোচ, ‘এই ম্যাচটা দুদলের জন্যই কঠিন হবে। কারণ একে অপরের শক্তি-দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা আছে আমাদের। তাছাড়া দুদলই চাইবে প্রথম ম্যাচটি জিতে এগিয়ে থাকতে। মালের স্থানীয় সমর্থকদের সামনে খেলা মোটেই সহজ নয়। তবে কঠিন চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। বেশ কিছু খেলোয়াড়কে না পাওয়াটা অনাকাক্সিক্ষত। তবে যারা আছে তারা দায়িত্ব নিয়ে খেলতে পারলে ইতিবাচক ফল আসবেই।’

অতীতের পরিসংখ্যানে দুদলই আছে একই সারিতে। ১৬ ম্যাচে ৬টি করে জয় আছে দুদলের। বাকি চার ম্যাচে ড্র হয়েছে। বাংলাদেশ সাফের জয় থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে। আর মালদ্বীপ সাহস পাচ্ছে সাম্প্রতিক বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে মালদ্বীপের লিগ সেরা মাজিয়ার দারুণ জয় থেকে। মাজিয়ায় মালদ্বীপ জাতীয় দলের অনেক ফুটবলার খেলেন। সাফের পর মালদ্বীপের দায়িত্ব পান স্থানীয় কোচ কোচ আলি সুজাইন। অন্তর্বর্তীকালীন এই কোচ মাজিয়ার বিপক্ষে কিংসের ম্যাচের বিষয়টি টেনে এনে বলেন, ‘আমাদের এই ম্যাচের সেরা প্রস্তুতিটা হয়েছে মাজিয়ার সেই ম্যাচ থেকেই। জাতীয় দলের খেলোয়াড়রা সেই ম্যাচে খেলে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পেয়েছে। কারণ কিংসেও জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন। আমি মনে করি সাফের হারটা সামনের দুই ম্যাচে নেতিবাচক প্রভাব ফেলবে না। আমরা প্রস্তুত আছি একটা দারুণ জয়ে দুই পর্বের প্লে-অফ শুরু করতে।’

মালদ্বীপের মাটি থেকে জয় পেতে হলে বাংলাদেশকে আজ গড়তে হবে ইতিহাস। জয় না হোক, অন্তত ড্র নিয়ে ফিরতে পারলেও ঘরের মাঠে তারা থাকবে এগিয়ে। তবে হেরে গেলে আন্তর্জাতিক নির্বাসন এড়ানোর লক্ষ্যটা কঠিন হয়ে পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত