মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাই শফিকুল ইসলামকে (৪৫) কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই সায়েম আকনের (২৮) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদ খা হাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। বিভিন্ন সময় ছোট ভাইকে মাদক সেবনে বাধা দেন শফিকুল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সায়েম। বৃহস্পতিবার বিকেলে বড় ভাই শশুরবাড়ি পিরোজপুর যাবার জন্য ব্যাটারি চালিত অটো রিক্সায় রওনা হলে ছোট ভাই সায়েম ঔষধ কেনার কথা বলে ছোট ভাইও ঐ অটো ভ্যানে ওঠেন।
এরপর পার্শ্ববর্তী ইউনিয়ন রমজানপুরের হামেদ খা হাট এলাকার বাজার পার হলে ফাঁকা স্থানে ছোট ভাই সায়েম তার বড় ভাই সাইলুকে কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেন। কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠান। এ ছাড়া গণ পিটুনি খেয়ে আহত হওয়া ছোট ভাই সায়েম আকনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে তার আপন ছোট ভাই। ঘটনাটি খুবই দু:দুঃখজনক।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওর ছোট ভাই সায়েমকে উদ্ধার করে পুলিশের নজরদারীতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
