পিটার হাসের সঙ্গে ফখরুলের বৈঠক বিএনপির অস্বীকার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:০০ এএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক হয়। দুপুর পৌনে ১টা থেকে প্রায় এক ঘণ্টার বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসানীতি নিয়ে তারা আলোচনা করেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

তবে বিএনপির মিডিয়া সেল থেকে বৈঠকের বিষয়টি অস্বীকার করা হয়েছে। দলটি জানিয়েছে, পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের যে বৈঠকের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি সঠিক নয়। বিএনপি মহাসচিবের সঙ্গে কোনো বৈঠক হয়নি।

যদিও সূত্রগুলো বলছে, পিটার ডি হাসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় এক ঘণ্টা কথা বলেন। সেখানে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির কেউ অংশ না নিলেও দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন।

সূত্রমতে, পিটার হাসের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসানীতি নিয়ে তারা আলোচনা করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করেছে দলটি। আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি। মার্কিন রাষ্ট্রদূতকে তারা বলেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। মার্কিন ভিসানীতি বাংলাদেশের জন্য লজ্জাজনক হলেও বর্তমানে দেশের পরিস্থিতিতে মানুষ এই ভিসানীতিকে স্বাগত জানিয়েছে বলেও জানানো হয় বৈঠকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত