গাজীপুরে এক প্রতিবন্ধী ব্যক্তিকে স্ক্র্যাচ দিয়ে বেধড়ক পিটিয়েছেন এক যুবলীগ নেতা। গত বুধবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম লিটন (৪০)। তিনি ভবানীপুর বাজার এলাকার আশপাশে ঘোরাফেরা করেন।
জানা গেছে, লিটন গাজীপুর জেলার সদর উপজেলার ভবানীপুর বাজারে নেতাদের পোস্টার ছিঁড়ে ফেলেছে এমন অভিযোগে প্রকাশ্যে বেধড়ক পিটিয়েছেন স্থানীয় ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকায় যুবলীগের প্রচার সম্পাদক সোহেল রানা (৩০)। এ বিষয়ে যুবলীগ নেতা সোহেল রানা বলেন, ওই ব্যক্তি মাদকাসক্ত। সে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার ছবি সংবলিত সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলেছে। এ বিষয়ে আমি তাকে জিজ্ঞেস করলে সে অন্য এক ব্যক্তির নাম বলে জানায়, ওই ব্যক্তির কথায় সে পোস্টার ছিঁড়েছে। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। এতে আমি তাকে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেই।
