লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষিজমি থেকে একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে সেটি হাতীবান্ধার শালবনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা শালবনে অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা বন বিভাগের কর্মচারী খাইরুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গন্ধমরুয়া খামারটারী গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় এক কৃষক তার ধানক্ষেতে সাপটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে লালমনিরহাট বন বিভাগের কর্মীদের খবর দেন তারা।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগে কর্মরতদের ধারণা, সম্প্রতি ভারতে হয়ে যাওয়া বন্যায় সাপটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
হাতীবান্ধা উপজেলার শালবন এলাকার স্কুল শিক্ষক ইব্রাহিম দুলাল জানান, শুক্রবার দুপুরে আদিতমারী থেকে একটি অজগর সাপ এনে শালবনের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগেও আরও দুইটি উদ্ধার হওয়া অজগর সাপ এই বনে ছেড়ে দিয়েছিল বন বিভাগ।
অজগর সাপটিকে উদ্ধার করা ফুয়াদ আল মাসুদ বলেন, অজগরটি উদ্ধার করে নিরাপদে লালমনিরহাট বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট জেলা বন বিভাগের কর্মকর্তা আনিছুর রহমান বলেন, উদ্ধার হওয়া অজগর সাপটিকে জেলার হাতীবান্ধা শালবনে ছেড়ে দেওয়া হয়েছে।
