কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশা কিনতে না পারায় পরিবারের সঙ্গে অভিমান করে আবু উইসুফ (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বচইড় গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার (১৪ অক্টোবর) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠায়। সে উপজেলার ঝলম দক্ষিণ ইউপির বচইড় গ্রামের মুন্সী বাড়ির আব্দুল মজিদের ছেলে।
ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার ও ঘটনার এলাকার ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বচইড় গ্রামের আবু ইউছুফের সঙ্গে পারিবারিকভাবে একই উপজেলার পোমগাঁও গ্রামের শিল্পী আক্তার সঙ্গে বিয়ে হয় প্রায় ৫ বছর আগে। দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন তিনি। এ কারণে মানসিক চাপে থাকতেন ইউছুফ। গত কয়েকদিন ধরে তার পরিবারকে একটি অটোরিকশা কিনে দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু তার পরিবার আর্থিক অভাবের কারণে তাকে অটোরিকশা কিনে দিতে না পারায় বাবা-মা ও তার স্ত্রী মধ্যে তর্কবির্তক হয়। এ ক্ষোভে আবু ইউছুফ জুমার নামাজের আগে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
