বিশ্বকাপ শুরুর আগেই নিশ্চিত হয় অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। দলের গুরুত্বপূর্ণ পারফরমারকে না পাওয়া বিশাল ধাক্কা ছিল শ্রীলঙ্কার কাছে। এবার বিশ্বকাপ চলার মাঝপথে নিজেদের অধিনায়ককেই হারিয়ে ফেলল তারা।
১০ অক্টোবর পাকিস্তানের কাছে হেরে যাওয়া ম্যাচে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। গতকাল জানা গেল সেই চোট গুরুতর। এতটাই যে বিশ্বকাপই শেষ হয়ে গেল শানাকার।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড শানাকার পরিবর্তে বিশ্বকাপ দলে এনেছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা চামিকা করুনারতœকে। আইসিসি এরই মধ্যে অনুমোদন দিয়েছে এই পরিবর্তন।
চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে শানাকার। এ কারণেই তার জায়গায় দলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার হয়ে ২৩টি ওয়ানডে খেলা করুনারতœকে। পেস বোলিং এই অলরাউন্ডার ২৮.৮৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে ২২ ইনিংসে ২৭.৬৮ গড়ে করেছেন ৪৪৩ রান। করুনারতেœর ওয়ানডে ক্যারিয়ারে ফিফটিও আছে একটি।
এর আগে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে একই সঙ্গে চোটে পড়েন দুই অধিনায়ক সাকিব আল হাসান ও কেন উইলিয়ামসন। ওই ম্যাচে রান নেওয়ার সময় বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর থ্রো সরাসরি লাগে উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে। স্ক্যানে দেখা গেছে ওই আঙুলে চিড় ধরা পড়েছে তার, প্রায় সাত মাস পর দলে ফিরে এই ঘটনায় আবার ছিটকে গেলেন তিনি। তার বদলি হিসেবে টম ব্লান্ডেলকে ডাকা হলেও আসরের শেষ দিকে উইলিয়ামসনকে পাওয়ার আশা করছে কিউইরা।
