হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে সোনা চোরাচালানের সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। তার নাম সুমন হোসেন (৪৩)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যদের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় আগমনী কনকোর্স হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক রবিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন নামে ওই ব্যক্তি পায়ুপথে ৩ কেজি ২৩১ গ্রাম সোনা বহন করছিল। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ২০ লাখ টাকা।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সুমন শনিবার বিকালে বিমানবন্দরে অবতরণ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা প্রস্তুত ছিলেন। পরে সকল কার্যক্রম শেষে অভিযুক্ত সুমন কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করলে সুমনকে আটক করা হয়। তখন জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার পায়ুপথে সোনা রয়েছে। পরে তার পায়ুপথ থেকে ১৩টি ডিম্বাকৃতি প্যাকেট বের হয়। ওজন করা হলে প্রতিটি প্যাকেটে ২৩২ গ্রাম করে মোট ৩.১৬ কেজি সোনা পাওয়া যায়। এ ছাড়াও যাত্রীর পরিহিত পোশাকের পকেট থেকে আরো ১টি গোল্ডবার (১১৬ গ্রাম) এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৩ কেজি ২৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এ কর্মকর্তা বলেন, সুমনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শারজাহ প্রবাসী মিজান এবং আনোয়ার অর্থের বিনিময়ে তাকে এই সোনা পাচারের জন্য প্রস্তাব করলে তিনি তাতে রাজি হন এবং বিশেষ কৌশলে এই স্বর্ণ নিজের দেহে বহন করে বাংলাদেশে নিতে আসেন। এই কাজে সফল হলে তার ৭০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।