প্রবাসী স্বামীর ওপর অভিমান করে...

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম

বগুড়ার আদমদীঘিতে প্রবাসী স্বামীর ওপর অভিমান করে স্ত্রী লিমা আক্তার (১৯) আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ লিমা উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মিঠু হোসেনের স্ত্রী।

এ ঘটনায় সোমবার (১৬ অক্টোবর) সকালে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানিয় সূত্র জানায়, ৬ বছর যাবৎ মালয়েশিয়া থাকেন উপজেলার তারতা গ্রামের আজিজার রহমানের ছেলে মিঠু হোসেন। গত একবছর আগে প্রবাসে থাকা অবস্থায় মিঠুর সাথে গাইবান্ধার পলাশবাড়ীর খলিলের মেয়ে লিমার ফোনে প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ফোনের মাধ্যমে বিয়ের পর থেকে লিমা তার শ্বশুর বাড়িতে থাকেন। রবিবার দিবাগত রাতে লিমার সাথে ফোনে পারিবারিক নানা বিষয় নিয়ে কথা বলার সময় তার স্বামী মিঠুর কথাকাটাকটি হয়। একপর্যায়ে রাত ১১টার সময় শ্বশুর বাড়িতে নিজ শয়নঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লিমা। স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির বিষয়টি প্রবাস থেকে মিঠু তার বাবাকে মুঠোফোনে জানান। এরপর লিমার শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের লোকজন তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিমাকে ঝুলতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত