কিউইদের চোখ রাঙাচ্ছে আফগানরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১:০৭ পিএম

আরও একবার কি দেখা যাবে আফগান রূপকথা! স্পিন ভেল্কিতে প্রতিপক্ষ ব্যাটারকে বোকা বানিয়ে মুজিব, রশিদদের লাফ দিয়ে আসমান ছোঁয়ার চেষ্টা। নাকি কিউই পরাক্রমের সামনে নুয়ে পড়বে কাবুলিওয়ালাদের তেজ?

সব সম্ভাবনার ঝুলি নিয়ে আজ নিজেদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ দুদলের ম্যাচ চেন্নাইয়ের ঐতিহাসিক এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে দুপুর আড়াইটায়। বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে আনার পর এবার গত দুবারের রানার্সআপদের হতাশা উপহার দেওয়ার মিশন আফগানিস্তানের সামনে। ব্ল্যাকক্যাপসদের লক্ষ্য সহজ। দানে দানে তিন দান সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখা। আরেকটা জয় দিয়ে টেবিলে অবস্থানকে সুদৃঢ় করা।

মাত্র দুদিন আগেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় কাবুলিওয়ালারা। ৬৯ রানের বড় ব্যবধানে বাটলার-রুটদের হারানোর পর আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি দৃঢ়কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, ‘এটা প্রথম জয়, তবে এটাই শেষ নয়।’ আফগানদের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের স্পিন বিভাগ। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবিÑ পৃথিবীর শীর্ষ সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ানো খেলোয়াড়। সিংহবধের কাব্য লেখার পথে এই ত্রয়ীর শিকার ছিল ৮ উইকেট।

বোল্ট-হেনরি-ফার্গুসনের পেস আক্রমণের প্রভাবে টিম সাউদির মতো অভিজ্ঞ পেসারের অভাব পুষিয়ে নিতে পেরেছে তারা। স্পিনে নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্যান্টনার। তার সঙ্গে রাচিন এবং গোল্ডেন আর্ম খেতাব পাওয়া গ্লেন ফিলিপসও দেখাচ্ছেন ঘূর্ণির জাদু। কন্ডিশনের সঙ্গে তুমুল একাগ্রতায় মিশে গিয়ে নিউজিল্যান্ড দলীয় পারফরমেন্সেই কাবু করেছে একের পর এক প্রতিপক্ষকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত