দেশ রূপান্তর পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. জিহাদুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন গাজী।
আজ বুধবার (১৮ অক্টোবর) দেশ রূপান্তরের কাছে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান রিপন গাজী।
বিবৃতিতে রিপন গাজী বলেন, বিগত ১৪ অক্টোবর, শনিবার মগবাজার মুক্তিযুদ্ধ সংসদের সামনে রাত সাড়ে ৯টায় দেশ রূপান্তর পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. জাহিদুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অনিচ্ছাকৃত, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।
জানা যায়, সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়ার ব্যাপারে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (১৫ অক্টোবর) দৈনিক দেশ রূপান্তর ডিজিটালে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে চলমান আন্দোলনের নেতা শরিফুল ইসলাম শুভ এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন দেশ রূপান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার নিহার সরকার অংকুর। ক্যামেরায় ছিলেন জিহাদুল ইসলাম।
চলমান চাকরির বয়স ৩৫ প্রত্যাশী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় শরিফুল ইসলাম শুভকে এবং এই আন্দোলন নিয়ে বিরোধিতা করায় রিপন গাজীকে অনুষ্ঠানে ডাকা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শেষে রিপন গাজী দেশ রূপান্তর মাল্টিমিডিয়া রিপোর্টার জিহাদুল ইসলামকে মগবাজারে ডেকে নিয়ে জানতে চান কেন তাকে কম দেখানো হয়েছে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি জিহাদুল ইসলামের গলা চেপে ধরেন এবং গুলি করে হত্যা করার হুমকি দেন।
এ ঘটনায় প্রাণনাশের শঙ্কায় রাজধানীর হাতিরঝিল থানায় মঙ্গলবার (১৭ অক্টোবর) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিহাদুল ইসলাম।
