জোড়া খুনের মামলার বাদীর বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে এক বছর আগে সংঘটিত জোড়া খুনের ঘটনায় করা মামলার বাদীর বিরুদ্ধেই আদালতে মামলা করেছেন এক নিহতের স্ত্রী। জোড়া খুনে নিহত খায়রুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে আগের মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকীসহ (৫৮) ১৫ জনকে আসামি করে গত রবিবার এ মামলা করেন। এর আগে ২০২২ সালের ৭ মে করা ওই মামলার বাদী ছিলেন মোস্তফা জামান সিদ্দিকী। এক আদেশবলে আদালত ওই মামলার কার্যক্রম স্থগিত করেছে।

রবিবারের মামলার অন্য আসামিরা হলেনÑ মামুন (৪৫), হাসানুর (৩৬), মাজেদ ফকির (৫৫), জাফর সেক (৪৭), গফফার সেক (৪৫), নাছির সেক (৩৮), নাজির সেক (২৮), বিল্লাল (৪৪), হিল্লাল (৩৬) প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩ মে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদে তালা দেওয়া নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। খায়রুল ইসলাম ও অন্য এক ব্যক্তি আকিদুল ইসলাম আসামিদের কথামতো তাদের নেতৃত্বে ঈদের নামাজ পড়তে যাননি। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাদের বসতবাড়ি থেকে জোরপূর্বক টানাহেঁচড়া করে লাল মিয়ার বাড়ির কাছে নিয়ে মোস্তফা জামানের নেতৃত্বে খায়রুল ও আকিদুলকে কুপিয়ে হত্যা করে।

মামলার বাদী নাসিমা বেগম বলেন, হত্যার বিচারের জন্য বোয়ালমারী থানায় ওই সময় মামলা করতে গেলে মোস্তফা জামান সিদ্দিকী মামলা হয়েছে বলে আমাদের জানান। তিনি বলেন, আমাদের আর কোনো মামলা করা লাগবে না। পরে জানতে পারি আসামিরা ওই ঘটনা থেকে নিজেদের বাঁচানোর জন্য এলাকার নির্দোষ কিছু লোকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আমরা পরবর্তী সময়ে মামলা করার উদ্যোগ নিলে আসামিরা আমাদের জীবননাশের হুমকি দিয়ে জিম্মি করে রাখেন। এজন্য আদালতে মামলা করতে বিলম্ব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত