স্প্রিংবকসদের পাঠানো বার্তায় উজ্জীবিত প্রোটিয়ারা

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম

আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা। আর রাত ১ টায় ফ্রান্সের সেইন্ট ডেনিসে রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামবে স্প্রিংবকসরা। ইংল্যান্ডের সঙ্গে এ দ্বিমুখী লড়াইয়ের আগে স্প্রিংবকসদের পক্ষ থেকে শুভ কামনা জানিয়ে বার্তা পাঠানো হয়েছে প্রোটিয়াদের।

সেই বার্তা থেকে প্রেরণা নিয়ে নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমাদের টিম মিটিংয়ের সময় ওরা শুভ কামনা জানিয়ে বার্তা পাঠিয়েছে। এটা খুবই খুশির সংবাদ। আমরা চাই ম্যাচটি জিততে। আমাদের জয় স্প্রিংবকসদেরও প্রেরণা জোগাবে।’

মুম্বাইয়ের মাঠ কুইন্টন ডি ককের খুব পরিচিত জায়গা। ব্যাটিং অনুশীলনের সময় ডি কক তার অজ্ঞিতার ঝুলি মেলে ধরেছেন উল্লেখ করে বাভুমা বলেন, ‘কন্ডিশন সম্পর্কে ডি কক তার সব অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছে। সে ভালো ফর্মেও আছে। কালকের দিনটাও যদি তার পক্ষে থাকে, তাহলে দুহাতে সেই সুযোগ লুফে নেবে সে।’

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে অঘটনের হার ভুলতে চায় দক্ষিণ আফ্রিকা। আর তাই এই ‘চ্যালেঞ্জিং’ ম্যাচে জেতার জন্য উন্মুখ হয়ে আছেন বাভুমা ও তার দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত