মেক্সিকোয় ১২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে মারল বন্দুকধারীরা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:২৪ পিএম

মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদক পাচার সংক্রান্ত সশস্ত্র দুর্বৃত্তদের কয়েক দফা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া আহত হয়েছে আরও চারজন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে গতকাল সোমবার মেক্সিকো কর্তৃপক্ষ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে। প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেন, মেক্সিকোর অন্যতম দরিদ্র রাজ্য গুয়েরেরোয় অজ্ঞাতনামা হামলাকারীরা কয়ুদা দে বেনিতেজ পৌরসভার একটি নিরাপত্তা টহল দলকে লক্ষ্য করে হামলা চালায়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে হামলায় ১১ জন পৌর পুলিশ কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া গুয়েরেরোর ঠিক উত্তরে পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে দ্বিতীয় দফা হামলায় পাঁচ জন নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। সরকারি প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, এক দল বন্দুকধারী তাকাম্বারো শহরের একটি হাইওয়েতে স্থানীয় মেয়রের ভাইয়ের ওপর হামলা চালায়। সেখানে মেয়রের ভাই, এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের লাশ পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়- বন্দুকধারীরা বেশ কয়েকটি গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে গুলি চালাচ্ছে।

অপরদিকে তৃতীয় হামলায় পুয়েবলায় কথিত মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছে বলে আঞ্চলিক সরকার জানিয়েছে। রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সান মিগুয়েল ক্যানোয়ার গ্রামীণ কমিউনিটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অলাভজনক সংগঠন কাউসা এন কমুনের মতে, মেক্সিকোয় এ বছর নিহত পুলিশ কর্মকর্তাদের সংখ্যা ৩৪০ জন ছাড়িয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত