বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের ঠিকানা: শামীম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পিএম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ শান্তিতে আছেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন। এ জন্য বিশ্ব নেতৃবৃন্দও শেখ হাসিনার প্রশংসা করেন।

আর বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের ঠিকানা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি কাজ করছে। আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করছে তারা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের সকল পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশ বিরোধী অশুভ চক্র। তারা দেশে সাম্প্রদায়িক উসকানির মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত