সেমিতে ওঠার সমীকরণ এখন যেমন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:১৭ এএম

চার ম্যাচ, একটি জয়, তিনটি হার, মাত্র দুই পয়েন্ট। শিরোপা ধরে রাখার অভিযানের শুরু এভাবে হবে তা কি ঘুণাক্ষরেও ভেবেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবুও নিয়তির লিখন, ভারত বিশ্বকাপের প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর পয়েন্ট তালিকায় ইংল্যান্ডের অবস্থান দশ দলের মধ্যে নয়ে। পরিস্থিতি এখন এমন যে ইংল্যান্ড দলের নীতিনির্ধারকদের ব্যাট-বল রেখে খাতা-কলম ও ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। গণিতের মারাত্মক মারপ্যাঁচের মধ্যে আটকে রয়েছে তাদের সেমিফাইনালে খেলার সবটুকু সম্ভাবনা।

দশ দলের এই প্রতিযোগিতায় রাউন্ড রবিন পদ্ধতিতে সবকটি দল প্রত্যেকের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। অর্থাৎ ৯টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চারটি দল যোগ্যতা অর্জন করবে সেমিফাইনাল খেলার। সেখান থেকে ফাইনালে দুটো দল লড়বে স্বপ্নের ট্রফির জন্য।

রাউন্ড রবিন পর্যায়ের ৪৫টি ম্যাচের মধ্যে ২৩টি ম্যাচ সম্পন্ন হয়েছে। পয়েন্ট তালিকার শেষ চারটি দল হলো সাতে থাকা নেদারল্যান্ডস, আটে শ্রীলঙ্কা, নয়ে ইংল্যান্ড। আর সবার শেষে বাংলাদেশ। চার ম্যাচ খেলে এই সবকটি দলেরই পয়েন্ট সংখ্যা সমান, ২। তালিকায় এদের বর্তমান অবস্থান নির্ধারিত হয়েছে নেট রান রেটের ব্যবধানে। প্রতিযোগিতার এখনো অর্ধেক পথ বাকি থাকায় এই চার দলের মধ্যে যে কোনো দল নিমিষেই অবস্থান পরিবর্তন করে ফেলতে পারে। যেমন পাকিস্তানকে হারিয়ে দশ থেকে ছয়ে উঠে এসেছে আফগানিস্তান।

একমাত্র ভারত পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। তাদের কাছে হেরে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ ম্যাচে ৮ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার সংগ্রহও কিউইদের মতো ৮ পয়েন্ট। তবে নেট রান রেটের হিসাবে তারা আছে দুইয়ে। বাকি অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের পয়েন্ট সমান, ৪। সেমির জন্য ফেভারিটদের মধ্যে লড়াইটা জমে উঠবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং নয়ে থাকা ইংল্যান্ডের মধ্যে।

তাহলে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড কি পারবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে! টুর্নামেন্টের এই পর্যায়ের পয়েন্ট তালিকা বলছে, ইংল্যান্ড ৯ ম্যাচের ৬টিতে জিতলেও সেরা চারে থাকা নিশ্চিত হবে না। এর পেছনে মূল কারণ তাদের বাজে রান রেট। ইংল্যান্ড তাদের বাকি থাকা পাঁচ ম্যাচের সবকটিতে জিততে পারলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১২। রান রেটেও ঘটবে উন্নতি। তবে ওই অবস্থায় আরও চারটির বেশি দলের কমপক্ষে ছয়টি করে জয় থাকবে।

সমীকরণগুলো হতে পারে এ রকম

ভারত হারাল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে। ৭ জয়, ১৪ পয়েন্ট।

নিউজিল্যান্ড হারাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে। ৬ জয়, ১২ পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকা হারাল ভারত ও

আফগানিস্তানকে। ৬ জয়, ১২ পয়েন্ট।

অস্ট্রেলিয়া হারাল নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে। ৬ জয় ১২ পয়েন্ট।

পাকিস্তান হারাল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। ইংল্যান্ডও যদি তাদের পরবর্তী চারটি ম্যাচ জেতে, তখন এক ম্যাচ হাতে রেখে দুই দলের পয়েন্ট হবে ১০। এদের শেষ ম্যাচ নিজেদের বিপক্ষে। ১১ নভেম্বরের ওই ম্যাচটি তখন এই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে দাঁড়াতে পারে। সে সময় জয়ী দলের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১২।

রাউন্ড রবিন পর্যায় শেষে যদি এমন চিত্রই হয়, তখন নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড কিংবা পাকিস্তান এই চার দলেরই পয়েন্ট দাঁড়াবে ১২। আর তখন রান রেট হয়ে উঠবে মূল প্রভাবক। বাদ পড়তে হবে যেকোনো একটি দলকে।

আবার এমনও ঘটতে পারে, ইংল্যান্ড পরের পাঁচ ম্যাচের একটিতে হেরেও পাঁচ জয় নিয়ে সেরা চারে থাকা দলগুলোর সমান পয়েন্টে থাকতে পারবে। নেট রানরেটের হিসাবও দরকার পড়বে না। তবে তার জন্য একাধিক অঘটন ঘটতে হবে এবারের আসরে। যেমন : নিউজিল্যান্ড হেরে যাবে তাদের বাকি থাকা চার ম্যাচের তিনটিতে। দক্ষিণ আফ্রিকা হারাবে শুধু বাংলাদেশ ও আফগানিস্তানকে। অস্ট্রেলিয়া হারাবে নেদারল্যান্ডস, আফগানিস্তান ও বাংলাদেশকে। আর ভারত জিততে পারবে শুধু শ্রীলঙ্কা বা নেদারল্যান্ডসের বিপক্ষে। যা চিন্তা করাটাও নিতান্ত অমূলক ভাবনা ছাড়া কিছু নয়।

তবে এত সব সমীকরণ এড়িয়ে মাঠের খেলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক এ কারণেই ইংল্যান্ডের পক্ষে আর একটি ম্যাচ হেরে যাওয়ার বিলাসিতা দেখানোর সুযোগ নেই। হয়তো টানা পাঁচ জেতাও বাটলারদের জন্য যথেষ্ট হবে না। তবে তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে ২০১৯ বিশ্বকাপ। সেবার এউইন মরগানের দল ৯ ম্যাচের ৩টিতে হেরেও সেমিফাইনালে উঠেছে। শেষ পর্যন্ত জিতেছে বিশ্বকাপ ট্রফিও। সেবার তারা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার কাছে পরপর হেরেছিল, যেমনটি এবার হয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস আর পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়; আর সঙ্গে ভাগ্যদেবতা সুপ্রসন্ন হলে হয়তো মুম্বাই বা কলকাতায় সেমির টিকিট কাটতেও পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত