মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে রাখারই পরিকল্পনা ছিল না বিসিবি নির্বাচকদের। বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল তাকে। কিন্ত উপায় না পেয়ে তাকে নিতে হয়েছে। তবে ছিলেন না কোনো ভাবনায়। তাই কখনও ৮, কোনো সময় ৯ নম্বরেও ব্যাট করতে নেমেছেন। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেছিলেন ৬ নম্বরে। তবু জুটি গড়তে হয়েছে লোয়ারঅর্ডার ব্যাটারদের সঙ্গে। তবুও খেলেছেন ১১১ বলে ১১১ রানের ইনিংস।
তার এমন ব্যাটিং দেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করেন, ছয়, সাত ও আট নম্বর পজিশনে ব্যাট করার কারণে মাহমুদউল্লাহর সামর্থ্যের পুরোটা ব্যবহার করতে পারছে না বাংলাদেশ দল।
মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারে শতক চারটি, সব কটিই আইসিসির টুর্নামেন্টে। একটি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। গতকালের শতকসহ বাকি তিনটি বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে শতক করেছিলেন মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে মাহমুদউল্লাহর এমন দুর্দান্ত ফর্মের কথা মনে করিয়ে দিয়ে ‘এ স্পোর্টস’–এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে মিসবাহ বলছেন, ‘অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিল। গতকাল পেসের বিপক্ষে মাহমুদউল্লাহকে বেশ গোছানো মনে হয়েছে। এটি বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’
বিশ্বকাপে মাহমুদউল্লাহ ফিনিশার হিসেবে ব্যবহার করতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে টপ অর্ডার ও মিডল অর্ডারে ধসের কারণে সেটি সম্ভব হচ্ছে না। উল্টো মাহমুদউল্লাহকে খেলতে হচ্ছে সম্মানজনক স্কোর তুলতে।
