কুইন্টন ডি কক সর্বকালের সেরা একজন উইকেটকিপার ব্যাটসম্যান। ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের মতে, ৩১ থেকে ৩৬ বছর বয়সে ব্যাটসম্যানদের হাতে জোড় থাকে বেশি। তখন তারা কাটান ক্যারিয়ারের সেরা সময়। আর ডি কক কিনা মাত্র ৩০ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিচ্ছেন। তার শেষ অ্যাসাইনমেন্ট ওয়ানডে বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেবেন।
বিদায়ের আগে অবশ্য প্রোটিয়া সমর্থকদের মাতাচ্ছেন উদযাপনে। তার চার-ছক্কার ফুলঝুড়িতে মেতে উঠেছেন সবাই। কিন্তু তিনি যে বিশ্বকাপের পর দলে থাকবেন, সেটা কুড়ে খাচ্ছে তাদের। অনেকের আশা ককের এমন ব্যাটিং তান্ডব দেখে বোর্ড তাকে ফেরানোর চেষ্টা করবে।
কিন্তু দক্ষিণ আফ্রিকা দলে তার সতীর্থ হেইনরিখ ক্লাসেন বলছেন অন্য কথা। তিনিও আছেন দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির পর কাল বাংলাদেশের সঙ্গে ৪৯ বলে করেছেন ৯০ রান। সেই ক্লাসেন মনে করেন, ডি কককে ফেরানো হবে কঠিন।
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে ক্লাসেন বলেছেন, ‘তাকে অবসর সিদ্ধান্ত বাতিল করিয়ে আবার ফিরে আনা কঠিন হবে। সে আমাদের দলের অসাধারণ একজন ক্রিকেটার, গত কয়েক বছর ধরেই সে আছে দুর্দান্ত ফর্মে। তার বিদায়টা খুব দুঃখজনক। তবে আশা করি তার বিদায়টা হবে রঙিন। বিদায়বেলা টুর্নামেন্টে নিজেকে এবং দলকে উজ্জল একটা সাফল্য দিয়ে যাবেন।’
ডি কক কাল বাংলাদেশের বিপক্ষে ১৪০ বলে ১৭৪ রান করেছেন। টুর্নামেন্টের পাঁচ ম্যাচের তিনটিতেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। চলমান আসরে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকও এই মুহুর্তে। ৫ ম্যাচে ৮১.৪০ গড়ে ও ১১৪.৯৭ স্ট্রাইক রেটে ৪০৭ রান করেছেন।
