শিক্ষামন্ত্রী

বিএনপির কাছে দেশ নিরাপদ নয়

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মেনে নেয়নি, বাংলাদেশের উন্নয়ন মেনে নেয়নি, বাংলাদেশের মানুষকে সব সময় জিম্মি করে তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যারা একাত্তরের হত্যাকারী, পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, ২০০১ এর নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের এক ভয়ঙ্কর জনপদ গড়ে তুলেছিল; তারা ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তারা আজকে মানবাধিকার-গণতন্ত্র নানা প্রকার কথা বলে আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আজ নানাপ্রকার সমাবেশ ডাকছে। তাদের অতীতের সমাবেশগুলো প্রমাণ করে তারা সহিংসতা ছাড়া আর কিছু জানে না।

তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

দীপু মনি বলেন, কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে হবে? দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি সংবিধান ধ্বংস করেছিল। নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল। আমরা জনণকে সাথে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও নষ্ট করেছে বিএনপি-জামায়াত। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। বিএনপি সংবিধান মানে না। ক্ষমতায় যতক্ষণ না বসিয়ে দেওয়া হবে ততক্ষণ নির্বাচন সুষ্ঠু হবে না। বিএনপি ক্ষমতায় আসলে সার-কীটনাশকের জন্য জীবন দিতে হয়। তারা ক্ষমতায় আসলে দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়, বিদ্যুতের উৎপাদন কমে যায়। বোমা হামলা হয়। দেশের ক্ষতি হয়। মানুষের জান-মালে ক্ষতি হয়। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আন্দোলনের নামে সহিংসতা করলে অপশক্তি যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

তিনি ২৮ অক্টোবরে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে গাজীপুরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ইকবাল হোসেন অপু এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, সাবেক এমপি আখতারউজ্জামান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ। সভায় গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত