মহাসমাবেশ করবে জামায়াত, অনুমতি দেবে না পুলিশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ এএম

আগামীকাল ২৮ অক্টোবর পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরেই মহাসমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলকে বলে দিয়েছে, মতিঝিলে কেন রাজধানীর কোথাও জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান জানার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জামায়াত মহাসমাবেশ করার বিষয়টি জানিয়েছে।

একই সঙ্গে দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান মহাসমাবেশ সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জামায়াতের ব্যাপারে আমাদের অবস্থান একদম পরিষ্কার। দলটিকে ঢাকা শহরের কোনো জায়গায় সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াত স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একটি দল। যে দলটির নিবন্ধন হাইকোর্টের নির্দেশে আমাদের নির্বাচন কমিশন বাতিল করেছে। কাজেই জামায়াতকে কোনো স্পেস দেওয়ার সুযোগ নেই।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তারপরও তারা যদি আইন অমান্য করে বা বিনা অনুমতিতে সভা-সমাবেশ করে, তবে আইন তার আপন গতিতে চলবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অন্যদিকে মহাসমাবেশ নিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, সাংবিধানিক অধিকার অনুযায়ী শনিবার শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ করার জন্য সহায়তা চেয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।

সংবাদ সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত