বাংলাদেশের সাবেক কোচের টোটকা কাজে লাগাতে চায় ডাচরা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:২১ পিএম

রায়ান কুক বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। তাই দলটির ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বেশ ভালোভাবেই জানা আছে তার। সেই কুক এখন নেদারল্যান্ডসের প্রধান কোচ। বাংলাদেশ ম্যাচের আগে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বললেন, কুকের টোটকা কাজে লাগিয়ে সাকিব-লিটনদের চমকে দিতে চান তারা।

২০১৯ সালের বিশ্বকাপের পর কুককে ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে ছাঁটাই করে দেওয়া হয়। এরপর তিনি প্রধান কোচ হিসেবে যোগ দেন নেদারল্যান্ডস জাতীয় দলে। এখন পর্যন্ত ডাচদের দায়িত্বে বেশ সফল তিনি।

কুকের কোচিংয়ে এক যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডাচরা। বিশ্ব মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা অবাক করে সবাইকে। এই দলটির সামনে এখন ছন্দহীন বাংলাদেশ।

ম্যাচের আগের দিন ডাচদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে এডওয়ার্ডস বললেন, কুকের ‘ইনসাইট’ তাদের জন্য আশির্বাদ, 'সে বাংলাদেশের কোচ ছিল, অবশ্যই এটা আমাদের সহায়তা করছে। সে বাংলাদেশের সাথে অনেকদিন কাজ করেছে। অনেককে ব্যক্তিগতভাবে চেনে। এই দল সম্পর্কে যা জানে সেসব আমাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। তবে অনেক খেলোয়াড় নতুন। অনেক পরিবর্তন এসেছে দলে। আমাদের নিজেদের স্কিল কাজে লাগাতে হবে। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে অনেক গর্বিত।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত