প্রতিশ্রুতির ফুলঝুরিতে ফুটবে কংগ্রেসের জয়ের ফুল?

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম

পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের মন পেতে কংগ্রেস জনকল্যাণের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে। মেয়েদের প্রতি মাসে ভাতা, বাসে বিনা পয়সায় ভ্রমণ, কৃষকদের হয় ঋণ মওকুফ বা বছরে নির্দিষ্ট পরিমাণে অনুদান, ছাত্রদের ঢালাও সাহায্য, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, বিনা পয়সায় ১০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কর্নাটকে এভাবেই বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। পশ্চিমবঙ্গেও এর আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের ভোট কুড়াতে পেরেছিলেন মমতা। আর তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশে, ক্ষমতায় আসার জন্য এবং ছত্তিশগড়, রাজস্থানের মতো জায়গায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কংগ্রেসও এ ঢালাও প্রতিশ্রুতির রাস্তায় হেঁটেছে। এখন প্রশ্ন হচ্ছে, সব জায়গায় কি এই প্রতিশ্রুতিতে কাক্সিক্ষত ফল পাবে কংগ্রেস?

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন বলছে, তেলেঙ্গানায় কংগ্রেস ছয়টি গ্যারান্টির ঘোষণা করেছে। অর্থাৎ ক্ষমতায় এলে তারা এ সিদ্ধান্তগুলো রূপায়ণ করবে। প্রথম গ্যারান্টির নাম মহালক্ষ্মী। তাতে বলা হয়েছে, প্রত্যেক নারীকে মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে। গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে ৫০০ টাকায়। সরকারি বাসে তারা গোটা রাজ্যে বিনা পয়সায় যাতায়াত করতে পারবেন। গৃহজ্যোতি গ্যারান্টিতে প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হবে। ইন্দিরাআম্মা গ্যারান্টিতে প্রতিটি গৃহহীন পরিবার বাড়ির জন্য জমি ও ৫ লাখ টাকা পাবে। আর যারা তেলেঙ্গানা রাজ্যের জন্য লড়েছিলেন, তারা ২৫০ বর্গগজের জমি পাবেন বাড়ি বানানোর জন্য।

যুবা বিকাশম গ্যারান্টিতে প্রত্যেক যুবক, যুবতী ৫ লাখ টাকার কার্ড পাবেন। প্রতিটি মণ্ডলে একটি করে ইন্টারন্যাশনাল স্কুল হবে। চৌথা গ্যারান্টিতে প্রত্যেক সিনিয়র সিটিজেন মাসে ৪ হাজার টাকা পেনশন পাবেন। ১০ লাখ টাকার বীমা করানো হবে।

মধ্যপ্রদেশে কংগ্রেস আবার সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথকে সামনে রেখে নির্বাচনে লড়ছে। সেখানে কংগ্রেসের প্রতিশ্রুতি হলো, প্রত্যেক নারীকে মাসে ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। প্রত্যেকের জন্য ২৫ লাখের স্বাস্থ্যবীমা করা হবে, অনগ্রসরসহ অন্যদের সংখ্যা জানতে জাতিগত সমীক্ষা করা হবে।

কমল নাথের প্রতিশ্রুতি, ২ লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং মধ্যপ্রদেশ আইপিএলের একটা টিম পাবে। এ ছাড়া প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হবে। পরের ২০০ ইউনিট অর্ধেক দামে পাবেন উপভোক্তারা। সরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মাসে ৫০০, নবম-দশমের পড়ুয়াদের মাসে ১ হাজার এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিপড়ুয়াদের মাসে দেড় হাজার টাকা দেবে সরকার। কংগ্রেসের প্রতিশ্রুতি, মেয়ের বিয়েতে সরকার ১ লাখ টাকা দেবে।

রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার আছে। রাজস্থানে কংগ্রেসের প্রতিশ্রুতি হলো, ক্ষমতায় এলে তারা ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেবে এবং পরিবারের নারীপ্রধানকে বছরে ১০ হাজার টাকা দেবে। ছত্তিশগড়ে কংগ্রেসের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে আগেরবারের মতো কৃষি ঋণ মওকুফ করা হবে। জাতিগত সমীক্ষা করা হবে। ১৭ লাখ ৫০ হাজার গৃহহীনকে বাড়ি দেওয়া হবে। আর চালের ক্ষেত্রে ন্যূনতম সংগ্রহ মূল্য বাড়ানো হবে। আদিবাসীদের জন্য তেন্দুপাতার সংগ্রহমূল্য বাড়ানো হবে বলে জানিয়েছে কংগ্রেস।

অবশ্য এ প্রতিশ্রুতি পালন করতে গেলে বিশাল আর্থিক দায় নিতে হয়। এমনিতে রাজ্যগুলোর আর্থিক অবস্থা যে খুব ভালো এমন নয়। প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডব্লিউকে বলেছেন, এ প্রতিশ্রুতি দিয়ে তখনই ক্ষমতায় আসা যায়, যখন ওই দলের নেতাদের একটা বিশ্বাসযোগ্যতা থাকে, দলের মজবুত সংগঠন থাকে। কংগ্রেস উত্তরপ্রদেশে যত প্রতিশ্রুতিই দিক না কেন, তারা এখন ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানায় তারা প্রধান বিরোধী দল। দুই রাজ্যে দলের শক্তিশালী রাজ্য নেতারা আছেন। দুই রাজ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ক্ষোভ আছে। ফলে সেখানে এ প্রতিশ্রুতিতে কাজ হতেই পারে।

সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্যের মতোও তার মতোই। তিনি বলেন, দিল্লির অভিজ্ঞতা বলছে, প্রতিশ্রুতিতে বেশ ভালো কাজ হয়। দিল্লিতে ‘পানি মাফ, বিজলি হাফ’-এর প্রভাব রীতিমতো পড়েছিল। মেয়েদের বাসে বিনা পয়সায় যাতায়াতের প্রভাবও গরিবদের ওপর প্রবলভাবে পড়েছে।

জয়ন্ত মনে করেন, যারা কোনো দলের কট্টর সমর্থক নন, যেকোনো দিকেই ভোট দিতে পারেন, তাদের ওপর এ ধরনের প্রতিশ্রুতির প্রভাব পড়ে। আর গরিবরা দেখে তাদের মাসে কতটা সাশ্রয় হচ্ছে। তারাও তখন এ প্রতিশ্রুতি বিচার করে ভোট দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত