সাভারে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত ৩০

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সাভার-আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এসময় তারা দফায় দফায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের উপর রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপসহ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।

এসময় কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে। গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ২০ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।

গুলিবিদ্ধদরা হলেন, এনভয় গার্মেন্টসের শ্রমিক নজরুল ইসলাম, ভার্চুয়াল গার্মেন্টসের শ্রমিক সীমা আক্তার, পথচারী বিমল শীল ও মজনু মিয়া। অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও শ্রমিকরা জানায়, ন্যূনতম ২৩ হাজার টাকা বেতনের দাবিতে বিভিন্ন কারখানার প্রায় ৩-৪ হাজার শ্রমিক আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

গুলিবিদ্ধ শ্রমিক নজরুলের বোন শিউলি বেগম জানান, আমার ভাই রাতের ডিউটি শেষে সকালের দিকে বাসায় যাওয়ার জন্য গার্মেন্টস থেকে বের হয়। এসময় অন্য গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশ গুলি করলে আমার ভাইয়ের মাথায় একটি গুলি লাগে। চিকিৎসক জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশ কিছু কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা করেছে। এছাড়া যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত