হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৬ জেলে আটক

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ এএম

মঙ্গলবার (৩১ অক্টোবর) হাতিয়ার নৌ-পুলিশের একটি দল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব উপকূলের ঠেঙ্গারচর ও কাজীর বাজার মাছ ঘাটের মাঝামাঝি মেঘনার 'জাহাজখাড়ি' নামক স্থান থেকে ১৬ জেলেকে ইলিশ মাছ ধরা অবস্থায় আটক করে নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

আটকের সময় তাদের কাছ থেকে ১২০ কেজি ইলিশ, মাছ ধরার জাল ও একটি ট্রলার জব্দ করা হয়। আটক জেলেদের সবার বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নে। নৌ-পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম গোলাম সারওয়ার আটক জেলেদেরকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

এছাড়া জব্দ ট্রলারটি উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় রাখার নির্দেশ দেন এবং জব্দ ইলিশ মাছ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

নলচিরা পুলিশ ফাঁড়ির ইন-চার্জ উপ-পরিদর্শক (এস আই) অমিত সাহা জানান, '১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন ইলিশ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত